সিলেটটুডে ডেস্ক

০১ জুন, ২০১৬ ১৭:২৯

ফল বিভ্রাট: দোষীদের বেতন বন্ধ করার ঘোষণা শিক্ষামন্ত্রীর

এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ফল বিভ্রাটের ঘটনা ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী।

দোষীদের বেতন বন্ধ করে দেয়ারও ঘোষণা দিয়েছেন মন্ত্রী। 

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর আজ বুধবার (১ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। 

বরিশাল বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় ‘ভুল’ হয়েছে স্বীকার করে নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এবারের পরীক্ষায় হিন্দুর্ধমের প্রশ্নপত্রের যে সেট দেয়া হয়েছিল, খাতা মূল্যায়নের সময় শিক্ষদের কাছে উত্তরপত্র দেয়া হয়েছে অন্য সেটের। এ কারণে ১ হাজার ১৪১ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়। এরমধ্যে থেকে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।’

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘এ আত্মহত্যায় ব্যক্তিগতভাবে আমি খুবই মর্মাহত। যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। তাদের অবশ্যই শাস্তি দেব। বেতন বন্ধ করে দেব, তারপর চূড়ান্ত বিচারে চাকরি থাকবে কি থাকবে না তা ঠিক করা হবে। কেউ রেহাই পাবে না। আইনানুযায়ী শাস্তি প্রদান করা হবে।’

মন্ত্রী বলেন, ‘তবে ফলাফল প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে এ সমস্যা সমাধান করা হয়েছে এবং পরীক্ষায় অংশগ্রহণকারী সবাই পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন। আত্মহত্যাকারী ছাত্র পেয়েছে ৪.৭৬।’

আপনার মন্তব্য

আলোচিত