সিলেটটুডে ডেস্ক

০৫ জুন, ২০১৬ ১১:১০

‘বিজিবির নারী সদস্য নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রথম নারী সৈনিক হিসেবে ৯৭ জন নারী সদস্য নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদু্জ্জামান খাঁন কামাল।

চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে আজ রবিবার সকালে বিজিবির ৮৮তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। কুচকাওয়াজে প্রথমবারের মতো অংশ নেন বিজিবির ৯৭ জন নারী সদস্য।

বিজিবির ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগ ও দিকনির্দেশনায় কর্মক্ষেত্রে নানা পেশার পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও সমঅধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবিতে প্রথমবারের মতো মহিলা সৈনিক ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আছাদু্জ্জামান খাঁন বলেন, আজ তোমরা দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃপ্ত শপথ নিয়ে সৈনিক জীবনে প্রবেশ করতে যাচ্ছ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অন্যান্য বাহিনীর নারী সৈনিকদের মতো তোমরাও কর্মক্ষেত্রে তোমাদের যোগ্যতা-দক্ষতা প্রমাণে সার্থক হবে। তোমরাই বিজিবিতে প্রথম মহিলা সৈনিক হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছ। মনে রেখ বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে মহিয়সী নারীদের অংশগ্রহণ, অবদান ও আত্মত্যাগ অবিস্মরণীয়। আজ নারীরা বিভিন্ন অঙ্গনে যথাযথ যোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রাখছে।

বিজিবির ৮৮তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে ৯৭ জন নারীসহ এক হাজার ১৪৪ জন নবীন সৈনিক অংশ নেন। সবার উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ থেকে বর্ডার গার্ড বাংলাদেশের একজন সদস্য হিসেবে তোমাদের ওপর অর্পিত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব। এ বাহিনীর চারটি মূলনীতি, মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা। এগুলোর প্রতি বিশ্বস্ত থেকে এবং তা হৃদয়ে ধারণ করে আগামীতে অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালন করতে হবে। আদেশ ও কর্তব্য পালনে যে কখনও পিছপা হয় না সেই প্রকৃত সৈনিক। নবীন সৈনিকদের মধ্যে তারই প্রতিফলন আমাদের সকলকে অনুপ্রানিত ও মুগ্ধ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ৮৮তম রিক্রুট ব্যাচের এক হাজার ১৪৪ জন নবীন সৈনিকদের মধ্যে বিষয়ভিত্তিক ১ম স্থান অর্জনকারী ও সর্ববিষয়ে শ্রেষ্ঠ নবীন সৈনিকের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি সর্ববিষয়ে সেরা নবীন সৈনিক (নম্বর-১০১২৭০) সিপাহী (জিডি) মো. ফজলুল করিম মিজানকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, সাতকানিয়ার সংসদ সদস্য অধ্যাপক আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী, চন্দনাইশ এলাকার সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত