১০ জুন, ২০১৬ ১৫:৪৮
মোটরসাইকেলে ৩ জন ওঠার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এবার দুই চাকার এই যানে শিশুদেরও ওঠানো যাবে না বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা সভায় শুক্রবার কর্মকর্তাদের উদ্দেশ্য করে এ কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ''এক মোটরসাইকেলে দুজনের বেশি উঠবে না এবং অবশ্যই হেলমেট থাকতে হবে। যেকোনো অবস্থায় এটি বাধ্যতামূলক করতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এটি আগে থেকেই নির্দেশনা রয়েছে। আর একটি বিষয় অ্যাড করতে চাই, মোটরসাইকেলে কোনো অবস্থায় শিশুদের সহযাত্রী করা যাবে না। পৃথিবীর কোনো দেশে মোটরসাইকেলে শিশুরা আরোহী হয় না, এখানে পুরো পরিবার নিয়ে মোটরসাইকেলে ওঠে। এটি খুবই বিপজ্জনক, এ ক্ষেত্রে শূন্য সহনশীলতা দেখাতে হবে, কারণ বিষয়টা ঝূঁকিপূর্ণ। সারা বাংলাদেশে বিষয়টা কঠোরভাবে দেখতে হবে।''
এর আগে গত কয়েক মাস ধরে এক মোটরসাইকেলে তিন আরোহীর অংশগ্রহণে একের পর এক হত্যাকাণ্ডের প্রেক্ষিতে মোটরসাইকেলে তিনজনের ওঠা ঠেকাতে মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে 'কড়া' নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জানিয়ে পরিবহনমন্ত্রী বলেন, ''এসব গাড়ি যাতে রাস্তায় চলাচল করতে না পারে সে জন্য বিআরটিএ কর্মকর্তাদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে। রাজধানীতে বাসগুলোর দিকে তাকানো যায় না, দেশের উন্নয়নের সাথে এগুলো মিলে না, যানবাহনগুলো দরিদ্র দরিদ্র চেহারার।''
রাজধানীর ফুটপাতগুলো দখলমুক্ত না রাখলে কোনো লাভ হবে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ''মেট্রোরেলসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন যাত্রীদের কোনো কাজেই আসবে না যদি ফুটপাত দখলমুক্ত না করা যায়।''
আপনার মন্তব্য