সিলেটটুডে ডেস্ক

১৪ জুন, ২০১৬ ২২:২৮

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বিলম্বে অবতরণ : ৭ পাইলটকে জরুরি তলব

সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বিলম্বের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ৭ জন পাইলটকে জরুরি তলব করেছে।

মঙ্গলবার রাতে এ তথ্য  জানিয়েছেন বিমানের এক শীর্ষ কর্মকর্তা।

এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের অপারেটর কামরুলকেও সে সময় প্রত্যাহার করা হয়।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণে বিলম্বের ঘটনার কারণ অনুসন্ধানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দুটি তদন্ত কমিটি গঠন করে। এ দুই কমিটি এখন বিষয়টি তদন্ত করছে।

কমিটি দুটির মধ্যে বিমানের অপারেশনাল কোনো সমস্যা ছিল কি না তা অনুসন্ধানে শাহজালাল বিমানবন্দরের পরিচালক জাকির হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি এবং বেবিচকের ফ্লাইট সেইফটি বিভাগের পরিচালক জিয়াউল কবিরকে প্রধান করে তিন সদস্যের অপর তদন্ত কমিটি করা হয়েছে। এ কমিটি বিমানবন্দরের রানওয়েতে কোনো সমস্যা ছিল কি না বা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এমন কিছুর অস্তিত্ব ছিল কি না তা জানতে গঠন করা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে ৫ দিনের সরকারি সফর শেষে গত মঙ্গলবার দেশে ফেরেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে পাইলট রানওয়েতে ধাতব বস্তু দেখতে পান। দুর্ঘটনার আশঙ্কায় পাইলট বিমানটি অবতরণ না করে ফের আকাশে উড্ডয়ন করেন।

আপনার মন্তব্য

আলোচিত