১৫ জুন, ২০১৬ ১০:৫০
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ভিসা জালিয়াতি বিষয়ে বাংলাদেশের নাগরিকদের সচেতন করতে উদ্যোগ গ্রহণ করেছে। এজন্যে তারা একটি ভিডিও চালু করেছে।
মঙ্গলবার দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গৌরলেই এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য যথাযথভাবে আবেদন করে। যোগ্য সব আবেদনকারী যাতে প্রতারণার মুখে না পড়ে সেটিই আমরা চাই, তাই ভিডিওটি বানানো হয়েছে।”
ভিডিওটির উদ্বোধন করে ভিসা আবেদনকারীকে ‘সর্বোচ্চ মানের’ সেবা দেওয়ার ওপর জোর দেওয়ার কথা বলেন তিনি।
“সাধারণ বার্তাটিই সব ভিসা আবেদনকারীর জন্য প্রযোজ্য, সত্য বলেন, নিজের আবেদন নিজেই পূরণ করুণ এবং যদি কোনো প্রশ্ন থাকে- তাহলে দূতাবাসে জিজ্ঞেস করুন।”
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড নামে বাংলাদেশি একটি বিজ্ঞাপনী সংস্থার সহযোগিতায় ভিডিওটি বানানো হয়েছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়।
ডাইভারসিটি ভিসা তথা ডিভি নিয়ে অনেকেই ‘ভুয়া বার্তা’ পেয়ে থাকেন প্রেক্ষাপটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ আর ডিভির তালিকায় নেই বলে পুর্নবার জানান কনসাল জেনারেল এলিজাবেথ গৌরলেই।
কয়েকবছর আগেই বাংলাদেশ থেকে ৫০ হাজার অভিবাসী পাঠানোর কোটা পূরণ হয়ে গেছে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
আপনার মন্তব্য