সিলেটটুডে ডেস্ক

১৯ জুন, ২০১৬ ১১:২৫

‘বন্দুকযুদ্ধে’ নিহত শরিফ অভিজিৎ হত্যার প্রধান আসামি

রাজধানীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত যুবক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রধান আসামি শরিফ বলে দাবি করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 
  
ডিবি পুলিশ জানিয়েছে, শরিফ পুরস্কার ঘোষিত ৬ জঙ্গির অন্যতম। সে লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রধান আসামি।

এর আগে শনিবার গভীর রাত খিলগাঁওয়ের মেড়াদিয়া বাঁশ পট্টি এলাকায় ডিবি পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ওই যুবক নিহত হন।

তখন অজ্ঞাত যুবক হিসেবে গণমাধ্যমকে জানিয়েছিল পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মঈনুল ইসলাম জানান, শনিবার গভীর রাত খিলগাঁওয়ের মেড়াদিয়া বাঁশ পট্টি এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ওই অজ্ঞাত যুবক নিহত হন। তার আনুমানিক বয়স হবে ৩০ থেকে ৩৫ বছর।

ওসি জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে প্রথমে ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন জানান, ঘটনাস্থল দিয়ে মোটরসাইকেল আরোহী তিন যুবক পুলিশের তল্লাশি চৌকি পার হচ্ছিল। পুলিশ সিগন্যাল দিলে তারা মটরসাইকেল না থামিয়ে গতি বাড়িয়ে দেন। পরে যুবকরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।

ওই সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে এক যুবক নিহত হন। অপর দুজন মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। 
  
ডিবির এই পরিদর্শক দাবি করেন, 'বন্দুকযুদ্ধের' পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। 
  
ঢামেক সূত্র জানায়, খিলগাঁও থানা পুলিশ রাত পৌনে ৩টার দিকে নিহত ওই যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসে। এখন সেখানেই তার মরদেহ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত