১৯ জুন, ২০১৬ ১৯:৪২
নাটোরের বাগাতিপাড়া উপজেলার একটি আখ ক্ষেত থেকে এক নারীর দেহ বিহীন মাথা উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে কাটা মাথাটি উদ্ধার করা হয়।
মাথাটি গত ২৫ মে বিকেলে বাগাতিপাড়া উপজেলার চকপাড়া গ্রামের একটি আম বাগানের পাশ থেকে উদ্ধার হওয়া ওই নারীর মরদেহের বলে দাবি করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ এখনও এই নারীর পরিচয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারেনি।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, গত ২৫ মে বিকেলে ঝড়ের সময় স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে উপজেলার চকপাড়া গ্রামের একটি আম বাগান থেকে মস্তকবিহীন ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। মাথাটি গত ২৫ মে বিকেলে উদ্ধার হওয়া ওই নারীর মরদেহের বলে ধারণা করা হচ্ছে। খুব শিগগিরই নারীর পরিচয়সহ জড়িতদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।
এসময় মরদেহটি একটি সাদা কালো ম্যাক্সি দিয়ে ঢেকে রাখা ছিল। মাথা কেটে ফেলায় কেউ তখন তাকে চিনতে পারেনি। পরে দু’দফায় জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় নিহতের মরদেহ স্বজন হিসেবে নিয়ে গিয়েও দাফন না করে পরে মর্গে ফেরত দেওয়ার ঘটনা ঘটে।
অবশেষে কয়েকদিন আগে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি দাফন করা হয়। ঘটনার ২৫ দিন পর রোববার বিকেল সাড়ে ৪টার সময় ঘটনাস্থল থেকে প্রায় দুইশ’ গজ দূরে একটি আখ খেত থেকে এক নারীর কাটা মাথা উদ্ধার করা হয়।
আপনার মন্তব্য