২৫ জুন, ২০১৬ ০১:১২
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ‘শরীফুল’ই পুলিশের সন্দেহভাজন ব্লগার হত্যাকারী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীদের অনেক নাম থাকে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে। শরীফুলেরও বেশ কয়েকটি নাম ছিল। তবে সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যে নাম জানিয়েছিল, সেটাই প্রকাশ করা হয়েছে।
এদিকে রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রীর খুনিদের শিগগির খুঁজে বের করা হবে।
তিনি শুক্রবার সকালে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, পুলিশ ক্রসফায়ার করেনি। আত্মক্ষায় বা আসামিকে ধরতে গিয়ে এ ধরনের ঘটনাগুলো ঘটেছে। কারণ পুলিশের মূল উদ্দেশ্য, অপরাধীদের কাছ থেকে তথ্য উদ্ধার করা, যেন তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড চালাতে না পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রীকে দুর্বৃত্তরা হত্যার পর শুরু হওয়া বিশেষ অভিযান সফল হয়েছে। তাই এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারবে। ঈদের ছুটিতে পুলিশ টহলে থাকবে।
এসপিপত্নী হত্যায় জড়িতদের দ্রুত ধরার আশ্বাস : পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যাকারীদের শিগগির খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সহকর্মীর সহধর্মিণী খুন হওয়ার পর ভেবেছিলাম পুলিশ বাহিনী থেমে যাবে। কিন্তু তারা সাহস হারায়নি বরং অপরাধী ধরার জন্য আরও বেশি তৎপর হয়েছে।
শুক্রবার রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাবুল আক্তারের স্ত্রী মিতুসহ হারানো সহকর্মীদের স্বরণে ২৪তম বিসিএস ফোরাম এই শোকসভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। বাবুল আক্তার ২৪তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেন।
ফোরামের সভাপতি এসএম খুরশিদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খান।
আপনার মন্তব্য