২৫ জুন, ২০১৬ ০২:০৮
চট্টগ্রামের বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে তার স্বামীকে এসপি বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে ডিবি পুলিশ।
শুক্রবার রাত সোয়া ১২টার দিকে তার শ্বশুর বাড়ি খিলগাঁও থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের সূত্রে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই তথ্য প্রচারিত হবার পর বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে।
তাকে এত রাতে কেন গাড়ি পাঠিয়ে আনা হলো এমন প্রশ্নের জবাবে পুলিশ কিছু জানে না বলে পুলিশের মিডিয়া সেল জানিয়েছে। পুলিশের কাছে এমন কোন তথ্য নেই বলেও জানান তারা। যদিও বাবুল আক্তারের শ্বশুর সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন তোলে নিয়ে যাওয়ার পর বাবুলের ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না, পুলিশ থেকেও কিছু জানানো হয়নি।
এদিকে মিতু হত্যায় সরাসরি জড়িত সন্দেহে আবু মুছা (৪৫) ও এহতেশামুল হক ভোলা (৩৮) নামে দুই ব্যক্তিকে ইতোমধ্যেই আটক করেছে পুলিশের একটি ইউনিট। এরা দু’জনই এসপি বাবুল আক্তারের সোর্স হিসেবে কাজ করতেন। ধারণা করা হচ্ছে, তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে টাকা নিয়ে ভাড়াটে খুনি হিসেবে তারা মিতুকে হত্যা করেছে অথবা সাহায্য করেছে। তাছাড়া মিতু হত্যায় যে অস্ত্রটি ব্যবহার হয়েছে, সেটি নাকি বাবুল আক্তরের সোর্স বিভিন্ন সময় ভাড়া দিতো।
প্রসঙ্গত, গত ৫ জুন নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ, র্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই)। তবে মামলার মূল তদন্তে আছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। তবে সবগুলো সংস্থা মিলে এখন পর্যন্ত এ ঘটনার কোন রহস্য উদঘাটন করতে পারেনি তারা।
আপনার মন্তব্য