২৬ জুন, ২০১৬ ০৯:৫৪
রাজধানী ঢাকার যানজন দূর করতে উড়ালপথে ২০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেল প্রকল্পের কাজের উদ্বোধন হচ্ছে আজ (রোববার)। আপাতত উড়ালপথে হলেও পরে পাতালেও মেট্টোরেল চালুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পথ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার (২৬ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মি উন্নয়নকাজের উদ্বোধনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশাল এই প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই প্রকল্পের আওতায় মোট ২৮ জোড়া মেট্রোরেল চলাচল করবে রাজধানীতে। রাস্তার মাঝ বরাবর উপর দিয়ে উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত যাবে এই মেট্রোরেল। সময় লাগবে ৪০ মিনিটেরও কম। প্রতি চার মিনিট পরপর এক হাজার ৮০০ যাত্রী নিয়ে ছুটে চলবে মেট্রোরেল, ঘণ্টায় চলাচল করবে প্রায় ৬০ হাজার যাত্রী।
মেট্রোরেলের ১৬টি স্টেশন হবে- উত্তরা (উত্তর), উত্তরা (সেন্টার), উত্তরা (দক্ষিণ), পল্লবী, মিরপুর ১১, মিরপুর-১০ নম্বর, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম এবং বাংলাদেশ ব্যাংক এলাকায়।
শনিবারই রামপুরা-বনশ্রী ও বাড্ডার সংযোগ সড়কে হাতিরঝিল প্রকল্পের সাউথ ইউলুপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এলাকাবাসীর মতে, ইউলুপটি চালু হওয়ায় রামপুরা-হাতিরঝিল, বনশ্রী এসব এলাকার যানজট অনেক কমে আসবে। বনশ্রী থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে হাতিরঝিল ও কাওরানবাজার যেতে হলে ডানে মোড় নিলেই সৃষ্টি হয় যানজটের।
মেট্রোরেল প্রকল্প পরিচালক মো. মোফাজ্জেল হোসেন শুক্রবার বলেছিলেন, আগামী রোববার (২৬ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে ডিপো এলাকায় ল্যান্ড ডেপেলপমেন্ট (ভূমি উন্নয়ন) কাজের উদ্বোধনের মাধ্যমে দেশের প্রথম মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করবেন।
তিনি আরো বলেছিলেন, ২০১৯ সালের মধ্যে রাজধানীবাসীর জন্য মেট্রোরেল চলাচল শুরু করবে। সেই লক্ষ্য নিয়ে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পটি বাস্তবায়নের কাজ করে যাচ্ছি।
আপনার মন্তব্য