২৭ জুন, ২০১৬ ২০:৪৮
দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলার ছাড়িয়েছে। সোমবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ০২ বিলিয়ন ডলার। বর্তমানের এ মজুদ দিয়ে প্রায় আট মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। এর আগে গত এপ্রিলে বৈদেশিক মুদ্রার মজুদ ২৯ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, সময়োপযোগী বৈদেশিক মুদ্রা মজুদ ব্যবস্থাপনার কারণে রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়ছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যের দাম কম থাকায় পরিমাণের দিক দিয়ে আমদানি বাড়লেও বৈদেশিক মুদ্রার তুলনামূলক ব্যয় কম হচ্ছে। এবার রফতানিতেও ভালো প্রবৃদ্ধি আছে। প্রবাসী বাংলাদেশিরা নিয়মিত রেমিট্যান্স পাঠাচ্ছেন।সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার মজুদ নতুন এ মাইলফলক অতিক্রম করেছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি নিয়ে বিশ্বব্যাপী হৈ চৈর মধ্যে এর আগে গত ২৫ এপ্রিল ২৯ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। তার আগে ২৫ ফেব্রুয়ারি রিজার্ভ ২৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। একবছর আগে গত বছরের জুন শেষে রিজার্ভ ছিল ২৫ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার। অর্থাৎ গত এক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ৫ বিলিয়ন ডলার যোগ হয়েছে। রিজার্ভের দিক দিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে ভারত। দেশটির রিজার্ভের পরিমাণ ৩২০ বিলিয়ন ডলারের বেশি।
আপনার মন্তব্য