সিলেটটুডে ডেস্ক

২৮ জুন, ২০১৬ ১৯:৪৫

নাহারপুঞ্জির খাসিয়া উচ্ছেদ চক্রান্তের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

মৌলভীবাজারের নাহারপুঞ্জির খাসিয়া উচ্ছেদের চক্রান্ত ও লাউয়াছড়ায় ২৫ হাজার বৃক্ষ নিধনের পরিকল্পনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় ঢাকার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে ঐক্য ন্যাপ।

মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশের সভাপতির বক্তব্যে প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, ‘মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নাহারপুঞ্জিতে ইকোনোমিক জোন করার নামে সাতশ’ খাসিয়া উচ্ছেদের যে নোটিশ দেয়া হয়েছে তা কিছুতেই মেনে নেবে না নাগরিক সমাজ।’

তিনি বলেন, ‘সংখ্যালঘু জনগোষ্ঠী নির্াতনের পাশাপাশি দেশে আদিবাসীদের নিয়েও সমস্যা বাড়ছে। গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান না করে যারা দেশকে ভূমিদুস্য ও লুটেরাদের রাজ্য বানাতে চায়, আমরা তাদেরকে প্রতিহতের হুঁশিয়ারি দিচ্ছি। দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, পাকিস্তানিকরণ এবং সাম্প্রদায়িক দাঙ্গার যে চেষ্টা হচ্ছে তা জনগণকে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।’

অবিলম্বে এইসব অবৈধ কার্যকলাপ বন্ধ করার দাবি জানিয়ে পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশ, এ দেশ পরাজয় মানে না। অন্যায়ভাবে আদিবাসী উচ্ছেদ ও ২৫ হাজার গাছ কেটে ফেলার চক্রান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। এই অন্যায় আমরা কিছুতেই মেনে নিতে পারি না।’

ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেকের সঞ্চালনায় মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদসহ অন্যান্যরা।

আপনার মন্তব্য

আলোচিত