সিলেটটুডে ডেস্ক

২৯ জুন, ২০১৬ ১২:০৩

ফজলুল হকের দক্ষতায় বেঁচে গেলো ৫৫ প্রাণ

রাজধানীর উত্তর বাড্ডার প্রিমিয়াম প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা কর্মী ফজলুল হকের কৌশলে মৃত্যুঝুঁকি থেকে রক্ষা পেয়েছেন ৫৫জন।

অাগুন লাগার পর নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ শুরু করেন ফজলুল হক।

উদ্ধার হওয়া ব্যক্তির মধ্যে পাঁচজন অসুস্থ, চারজন বৃদ্ধ এবং সাত জন শিশু রয়েছে। তিন ঘণ্টার বেশি সময় ধরে তিনি এ উদ্ধার কাজ করেন।

জানা যায়, বারিধারা ফায়ার সার্ভিস ইউনিট বুধবার (২৯ জুন) ভোর ৩টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। আগুন নিয়ন্ত্রনের আগ পর্যন্ত কার্যক্রম পরিচালনা করেন এ ইউনিট। সবমিলে ২৪টি ইউনিট এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করেন।

ফজলুল হক বলেন, 'প্রথমদিকে আগুনের এমন তেজ ছিলো যে এক নম্বর ভবন থেকে দুই নম্বর ভবনে যাওয়া যাচ্ছিলো না। ধোঁয়ার কারণে কোনো ভাবেই স্বাভাবিক হওয়া যাচ্ছিলো না। এরপরই প্রাথমিক অবস্থায় জানালার কাঁচ ভাঙা হয়। ফলে ধোয়া কমতে থাকে। এরপরই উদ্ধার কার্যক্রম শুরু করি'।

উদ্ধার হওয়া দুই নম্বর ভবনের নয় তলার বাসিন্দা তৌহিদ হোসেন কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, সেহরি খাওয়ার সময় (আনুমানিক ৩টায়) আগুন দেখতে পেই। পরে বাহিরে এসে দেখি তিন থেকে পাঁচ তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরে আগুন জ্বলছে। এরপর সবাইকে নিয়ে ছাদে আসি। সেখান থেকে এক নম্বর ভবনে আসতে সহযেগিতা করেন নিরাপত্তা কর্মীরা।

তিনি আরও বলেন, এ টাওয়ারে মোট পাঁচটি ভবন রয়েছে। এতে মোট ১১৭টি ফ্ল্যাট রয়েছে। এ ফ্ল্যাটগুলোতে মোট ৬০০ লোক বসবাস করেন। ভোর পৌনে তিনটার দিকে আগুন লাগার সময় বেশিরভাগই ঘুমিয়ে ছিলেন।

আব্দুল আওয়াল নামের এক বৃদ্ধ বলেন, নতুন করে আবারও জীবন পেলাম। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তার স্ত্রী বলেন, এবারের মতো বেঁচে গেলাম।

 

আপনার মন্তব্য

আলোচিত