সিলেটটুডে ডেস্ক

৩০ জুন, ২০১৬ ১২:৪৭

ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে তিন দিন

শুক্রবার থেকে ঈদের নয় দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। এবার সরকারি কর্মচারীরা পহেলা থেকে নয় জুলাই পর্যন্ত টানা নয় দিন ছুটি ভোগ করবেন।

এতে করে দীর্ঘ সময় ব্যাংক বন্ধ থাকলে ক্ষতির আশঙ্কায়, আংশিক লেনদেন চালু রাখার দাবি জানান ব্যবসায়ীরা। তাদের দাবির প্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা দেয়া হয় দুই থেকে চার জুলাই তিন দিন বিভিন্ন শিল্প, বাণিজ্যিক ও বড় শপিংমল এলাকায় ব্যাংক খোলা রাখার। তবে কোন শাখাগুলো খোলা থাকবে তা ঠিক করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকের।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দুই থেকে চার জুলাই তিন দিন সারা দেশে বিভিন্ন ব্যাংকের বিশেষ কিছু শাখা খোলা রাখার কথা জানিয়েছেন বাণিজ্যিক ব্যাংকের নির্বাহীরা। বাণিজ্য, শিল্প ও বড় শপিংমল এলাকা ছাড়াও বিভাগীয় ও জেলা সদরের প্রধান শাখা খোলা রাখার কথা জানিয়েছেন তারা।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের নির্বাহীরা জানিয়েছেন, বাণিজ্য, শিল্প ও বড় শপিংমল এলাকা ছাড়াও বিভাগীয় ও জেলা সদরের প্রধান শাখা খোলা থাকবে। তবে এসময় শুধু টাকা তোলা ও জমা দেয়া যাবে।

একইভাবে খোলা থাকবে সরকারি বাণিজ্যিক ব্যাংকেরও বিশেষ কিছু শাখা। এছাড়া বিমানবন্দর এবং স্থলবন্দর এলাকায়ও কিছু শাখা খোলা থাকবে বিশেষ বিবেচনায়।

ব্যাংকের এই বিশেষ কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য

আলোচিত