সিলেটটুডে ডেস্ক

০১ জুলাই, ২০১৬ ১৩:৪২

জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ: ঢাবির অনুষ্ঠানে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের স্মরণিকার একটি লেখায় জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে শিক্ষক-কর্মকর্তারা বিক্ষোভ করেছেন। শুক্রবার সকালে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকির উপস্থিতিতে টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকায় জিয়ার রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন। এতে পুরো অনুষ্ঠানে হট্টগোল ও বিশৃঙ্খলা দেখা দেয়। বিক্ষোভকারীরা এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের পদত্যাগ দাবি করেন শিক্ষক-কর্মকর্তারা। রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় দিবসের এ আলোচনা সভায় সঞ্চালনা করা কালে বিশৃঙ্খলা দেখা দেয়। তখন তাকে মঞ্চ থেকে নামিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করেন আয়োজকরা।

'সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও মানবিক চেতনা বিকাশে উচ্চশিক্ষা' প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয় দিবস পালন করছে ঢাবি কর্তৃপক্ষ। সকাল সোয়া ১০টায় প্রশাসনিক ভবন-সংলগ্ন মলে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। তারপর শোভাযাত্রা শেষে টিএসসি মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা।

আপনার মন্তব্য

আলোচিত