০১ জুলাই, ২০১৬ ১৯:৪৩
ভারতের কেরালাভিত্তিক আনসারুল খিলাফা নামের একটি সংগঠন দেশটিতে অবস্থানরত লেখক তসলিমা নাসরিনকে হত্যার হুমকি দিয়েছে।
আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এক্স এ সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, হুমকিদাতারা নিজেদের মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অনুগত বলে দাবি করেছে। গত বুধবার সংগঠনের ফেসবুকে মালায়লাম ভাষায় এ হত্যার হুমকি সম্পর্কিত বার্তাটি পোস্ট করে বলেও জানা যায়।
নিউজ এক্সের প্রতিবেদনে বলা হয়েছে, আনসারুল ফিলাফার ফেসবুকে বলা হয় তসলিমাকে যখন হাতের কাছে পাওযা যাবে তখনই খুন করা হবে। তসলিমার একটি ইসলামবিরোধী মন্তব্যের সঙ্গে তাঁর একটি ছবিও সামাজিক সাইটে পোস্ট করে দেওয়া হয়। এর আগেও একাধিক অনুষ্ঠান থেকে কিংবা নিজের ব্লগে ধর্মীয় বিষয়ে বিতর্কিত মন্তব্য করে একাধিকবার হত্যার হুমকি পেয়েছিলেন এ লেখিকা।
১৯৯৪ সালে তসলিমার নাসরিনের বিতর্কিত ‘লজ্জা’ বইটি প্রকাশের পরই মৌলবাদীদের রোষানলে পড়ে বাংলাদেশ ছাড়তে হয় তসলিমাকে। বর্তমানে দিল্লিতে পুলিশি প্রহরায় বসবাস করে আসছেন ৫৪ বছর বয়সী লেখক।
আপনার মন্তব্য