সিলেটটুডে ডেস্ক

০১ জুলাই, ২০১৬ ২২:২২

ঢাবিতে ছাত্রলীগের আন্দোলন প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে ছাত্রলীগ। উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের আন্দোলন ছিল রেজিস্ট্রারের বিরুদ্ধে, উপাচার্যের বিরুদ্ধে না। আমাদের দাবি পূরণ হয়ে গেছে। তাই আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। সেই সঙ্গে উপাচার্যের গাড়িতে হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এর আগে আজ রাত সোয়া ৮টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স উপাচার্যের বাসভবনে ঢুকে তাঁর সঙ্গে বৈঠক করেন। প্রায় এক ঘণ্টা পর রাত সোয়া ৯টার দিকে ছাত্রলীগের ওই চার নেতা বের হয়ে আসেন।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এসময় বলেন, আমরা উপাচার্যের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে কথা বলেছি। আমাদের প্রথম দাবি ছিল রেজিস্ট্রারের অপসারণ। এটি পূরণ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দ্বিতীয় দাবি ছিল স্মরণিকা প্রকাশের সঙ্গে রেজিস্ট্রারসহ যারা জড়িত ছিল, একটা তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। উপাচার্য আমাদের সেই বিষয়ে আশ্বাস দিয়েছেন। তাই আমরা আন্দোলন প্রত্যাহার করে নিলাম।

উপাচার্যের গাড়িতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে এস এম জাকির হোসেন বলেন, ‘উপাচার্যের গাড়িতে হামলার ঘটনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত নন। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য

আলোচিত