০৭ জুলাই, ২০১৬ ১৩:৩৯
ঘটনাস্থল থেকে সন্দেভাজন একজনকে আটক করেছে পুলিশ
দেশের সর্ববৃহৎ ঈদের জামায়াত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রবেশপথে বোমা হামলায় দুই পুলিশ সদস্য এক নারী ও এক হামলাকারী নিহতের খবর পাওয়া গেছে।
হামলায় ৮ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সন্দেভাজন দু'জনকে আটক করেছে পুলিশ। হামলাস্থল থেকে উদ্ধার করা হয়েছে চাপাতি ও বোমাসদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ঈদুল ফিতরের জামাতের আগে ঈদগাহ সংলগ্ন আজিমুদ্দিন স্কুলের পাশে এ হামলার ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যরা হলেন- জহিরুল ইসলাম ও আনসারুল। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ-হামলাকারী সংঘর্ষে নিহত হয়েছে জঙ্গিদলের একজন। তবে নিহত জঙ্গির পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শোলাকিয়ায় ঈদ জামাতের নির্ধারিত সময় ছিল। আগে থেকে আজিমুদ্দিন স্কুলের পাশে টহল দিচ্ছিল একদল পুলিশ।
এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বোমা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও পাল্টা প্রতিরোধ গড়ে গুলিবর্ষণ করে। বেশ কিছু সময় ধরে গোলাগুলির শব্দ শোনা যায়।
কিশোরগঞ্জ সদর থানার ওসি মীর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অবশ্য পরে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শহরের উপকণ্ঠে শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এবার ছিল ১৮৯তম ঈদুল ফিতরের জামাত।
সকাল ১০টায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদের ঈমামতিতে দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিরা ঈদ জামাতে অংশ নেন। ধারণা করা হচ্ছে, ৩ লক্ষাধিক মুসল্লি এই জামাতে নামাজ আদায় করেন।
ছবি কৃতজ্ঞতা : প্রথম আলো অনলাইন।
আপনার মন্তব্য