০৭ জুলাই, ২০১৬ ১৭:৩৯
শিক্ষার্থীদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত, তাদের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে গণভবনে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “বাবা-মা, ইউনিভার্সিটি-কলেজকে বলব, যারা মিসিং তাদের নাম, ফটো, তালিকা দিতে হবে।
“আমরা জেনেছি, বেশ কিছু কলেজ ও ইউনিভার্সিটির ছাত্ররা মিসিং। জিডি করে বসে থাকবেন না। তথ্য প্রকাশ করেন। ছবি দিন।”
নিখোঁজ তরুণদের খোঁজ বের করতে সকল প্রচার মাধ্যম ব্যবহার করার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, “টিভি, রেডিও, মোবাইল সব ব্যবহার করে আহ্বান জানানোর ব্যবস্থা আমরা করে দেব।ঘৃণ্য অপরাধের পথ ছেড়ে, ঘরের ছেলে ঘরে ফিরে আসতে আহ্বান জানান।
“তাদের চিকিৎসা থেকে শুরু করে যা লাগে সে ব্যবস্থা আমরা করতে পারব। পৃথিবীতে বাংলাদেশ একমাত্র দেশ অতি অল্প সময়ে এখানে জঙ্গিদের খতম করতে পেরেছি।”
প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, বাংলাদেশে সন্ত্রাসের জায়গা হবে না; শান্তি প্রতিষ্ঠায় যা যা দরকার তার সবই সরকার করবে।
ইসলামের নামে যারা সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এটা ইসলামের পথ নয়।”
আপনার মন্তব্য