সিলেটটুডে ডেস্ক

০৮ জুলাই, ২০১৬ ১৪:২০

শোলাকিয়ায় সাঁড়াশি অভিযানে আরো ৪ জন আটক

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে বোমা হামলার ঘটনায় জড়িতদের ধরতে সারারাত সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় চালানো এ অভিযানে আরও ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এ অভিযান চলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন আরও ৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকদের পরিচয় জানাতে অপরাগতা প্রকাশ করে ওসি বলেন, এ হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত মোট আটজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।

এছাড়া শোলাকিয়ার হামলাস্থলে শুক্রবার ভোররাত থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। গতকালের হামলার সময় গুলিতে নিহত ঝর্ণা রানী ভৌমিকের বাড়িতেও মোতায়েন করা হয়েছে পুলিশ।

এদিকে, দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। এসময় তিনি জঙ্গিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন। সাধারণ জনগণকে রক্ষায় জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথাও বলেন। এছাড়া তিনি গুলিতে নিহত ঝর্ণা রানী ভৌমিকের স্বজনদের সাত্ত্বনা জানান। সরকারের পক্ষ থেকে অনুদান প্রদানের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের আধা কিলোমিটারের মধ্যে বোমা হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন, তার নাম ঝর্ণা রানি ভৌমিক। নিহত অপরজন হামলাকারী বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত