১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০২
আজিমপুরে জঙ্গি অভিযানে আহত পুলিশ সদস্যের পাশে আইজিপি
আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে নিহত জঙ্গির নাম আব্দুল করিম বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
অভিযানে অংশ নিয়ে আহত হওয়া পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে এসে তিনি বলেন, ‘নিহতের নাম আবুদল করিম। বসুন্ধরা আবাসিক এলাকার যে বাসায় জঙ্গিরা আশ্রয় নিয়েছিল, সেটিও এই করিমই জঙ্গিদের জন্য ভাড়া করেছিল। গুলশানের হামলাকারীদের সঙ্গেও সে ছিল।’
এই করিমই গুলশানের হলি আর্টিজান, শোলাকিয়ার জঙ্গি হামলা, কল্যাণপুরের জঙ্গি আস্তানাসহ জঙ্গিদের বাসা ভাড়া নেওয়ার মূল হোতা করিম বলে জানান আইজিপি।
তিনি বলেন, ‘ এটা ছিল জঙ্গিবাদবিরোধী নিয়মিত অভিযান। মুরাদের (মেজর জাহিদ) স্ত্রীসহ নারী জঙ্গি পরিবার আজিমপুরে লুকিয়ে আছে বলে পুলিশের কাছে তথ্য ছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। দরজায় নক করার পর ভেতর থেকে একজন পুরুষ ও এক নারী একযোগে ছুরি, বোমা, মরিচের গুঁড়া নিয়ে দরজা খুলেই আক্রমণ করে। এতে পাঁচজন পুলিশ সদস্য আহত হন। পুলিশও পাল্টা প্রতিরোধ করে । এতে ঘটনাস্থলেই করিম মারা যায়।’
আইজিপি আরও জানান, ‘অভিযানের মধ্যেই একটি ছেলে ও দুটি মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে।। তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এদের বাবা মা কারা তা জানা যায়নি। আস্তানা থেকে চারটা পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে আহত হওয়ার পর আটক তিন নারী জঙ্গির একজন মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শিলা বলে ধারণা করছে পুলিশ।'
আইজিপি হাসপাতালে এসে আহত পুলিশ সদস্য ও নারী জঙ্গিদেরও দেখেছেন। তিনি বলেন, ‘আহত পুলিশ সদস্যদের মধ্যে একজনের অবস্থা একটু ক্রিটিকাল। বাকি চারজন আশঙ্কামুক্ত।’
তিনি বলেন, ‘নারী জঙ্গিরা কথা বলতে পারছেন। চিকিৎসক জানিয়েছেন তারা আশঙ্কামুক্ত। তবে জিজ্ঞাসাবাদ করে কোনও তথ্য নেওয়ার উপযুক্ত নয়। তাদের কাছে ছোরা ছিল, পিস্তল ছিল, তা দিয়ে আক্রমণ করেছে।’
আপনার মন্তব্য