সিলেটটুডে ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১০:২৯

শোলাকিয়ায় তিন স্তরের নিরাপত্তা, থাকবে বিজিবি

গত ঈদে জঙ্গি হামলার পর কিশোরগঞ্জের ঐতিহাসিক ঈদ জামাত শোলাকিয়া ময়দান ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ, বাড়তি নিরাপত্তা হিসেবে র‌্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আজহার ১৮৯ তম ঈদ জামাতের  দিন শোলাকিয়া মাঠ ও আশ পাশের এলাকায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তাছাড়া র‌্যাব-পুলিশসহ অন্যান্য বাহিনীর বিপুলসংখ্যক সদস্যরাও মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শোলাকিয়া ঈদগাহ মাঠের সভাপতি ও জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস ও পুলিশ সুপার আনোয়ার হোসেন খান সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, ‘এবার মাঠে কাউকে কোনও ধরনের ব্যাগ বা পোটলা নিয়ে ঢুকতে দেওয়া হবেনা।

গত ঈদুল ফিতরের দিন শোলাকিয়া মাঠের পাশে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিত এবার নিরাপত্তামূলক ব্যবস্থা আরও জোরদার ও কঠোর করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ। ঈদুল ফিতরে নামাজ পড়াতে তিনি কিশোরগঞ্জে গেলেও জঙ্গিদের হামলার পর মাঠে না গিয়ে ঢাকায় ফিরে যান তিনি।

প্রসঙ্গত, গত ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়ার ঈদগাহের পাশে আজিমুদ্দিন স্কুলের সামনে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের গ্রেনেড হামলা ও চাপাতির কোপে নিহত হন পুলিশের দুই সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হক। পরে পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়। এতে নিজের ঘরে থাকা ঝর্ণা রাণী সূত্রধর নামে এক গৃহবধূ নিহত হন। পুলিশের গুলিতে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গি। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ে শফিউল ইসলাম নামে আরেক জঙ্গি। কিছুদিন পর ময়মনসিংহের নান্দাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় শফিউল।

আপনার মন্তব্য

আলোচিত