সিলেটটুডে ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৪

টঙ্গী দুর্ঘটনা: আরও একজনের মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর প্যাকেজিং কারখানা টাম্পাকো ফয়েল্‌সের ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩ জনে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের ৫৬ ঘণ্টা পর কারখানার ভেতর থেকে উদ্ধার করা হয় আরও একজনের মরদেহ।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, ঘটনার দিন ২৫ জন নিহত হন। উদ্ধার অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত আরও আটজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। কারখানার ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ভেতরে আরও মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে চালিয়ে যাচ্ছেন। 

এর আগে দুপুর একটার দিকে একজন রোববার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে দুইজন ও সন্ধ্যায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ভবনটির ভেতরে আরও মরদেহ থাকতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে টাম্পাকোয় বিস্ফোরণের ফলে কারখানার ভেতরে আগুন ধরে যায়। এ সময় ভবনের সামনের গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী, রিকশাচালক ও দুই যাত্রীসহ ১৪ জন ঘটনাস্থলে ও পরে হাসপাতালে ১১ জন নিহত হন। সব মিলিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৩ জন

আপনার মন্তব্য

আলোচিত