১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২৭
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। এসময় গাড়ি চালককে আটক করতে না পারলেও গাড়ি থেকে মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, চালক মাতাল ছিলেন। বুধবার ভোরে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন হাজি আশরাফ আলী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাফরুল থানার এসআই ফেরদৌস রহমান জানান, ভোরে কোরবানির মাংস দিতে মোহাম্মদপুরে মেয়ের বাসায় যাওয়ার জন্য বের হন এ বৃদ্ধ দম্পতি। এসময় দ্রুতগতির প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- আতাউর রহমান (৭০) ও রওশন আরা (৬০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আরও জানান, প্রাইভেটকার থেকে কয়েকজন যুবককে পালিয়ে যেতে দেখা যায়। পরে প্রাইভেটকারের ভেতরে মদের বোতল পাওয়া যায়। এ থেকে ধারণা করা হচ্ছে, যুবকরা মদ্যপ অবস্থায় ছিলেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই ফেরদৌস রহমান।
আপনার মন্তব্য