সিলেটটুডে ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৫

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দ্বিতীয় অংশ চালু

রাজধানীর নিউ ইস্কাটন থেকে মগবাজার ওয়্যারলেস পর্যন্ত এক কিলোমিটার ফ্লাইওভারের দ্বিতীয় অংশ চালু করা হয়েছে। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে ফ্লাইওভারের বেগুনবাড়ি থেকে ওয়্যারলেস পর্যন্ত লিংক রোডও। এরপরই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

ফ্লাইওভারের নির্মাণকাজ তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি অংশে রয়েছে সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি পর্যন্ত সড়ক, আরেকটি অংশে রয়েছে শান্তিনগর-মালিবাগ-রাজারবাগ পর্যন্ত সড়ক, অন্য অংশটি নিউ ইস্কাটন-মগবাজার ওয়্যারলেস পর্যন্ত সড়ক। এ ছাড়া উড়ালসড়কের কয়েকটি লিংক রোডেরও কাজ চলছে।

গত ৩০ মার্চ সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ফ্লাইওভারটির ইস্কাটন থেকে মৌচাক পর্যন্ত অংশের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

ইস্কাটন-মৌচাক অংশের উদ্বোধন করে মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, 'অন্য অংশগুলো আগামী বছর জুন-জুলাইয়ের মধ্যে উদ্বোধন করতে সক্ষম হব ইনশাল্লাহ।'

আট কিলোমটার দীর্ঘ ফ্লাইওভারটি ভারতের সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও নাভানার যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান 'সিমপ্লেক্স নাভানা জেভি' এবং চীনা প্রতিষ্ঠান দ্য নাম্বার ফোর মেটালার্জিক্যাল কনস্ট্রাকশন ওভারসিজ কোম্পানি (এমসিসিসি) ও তমা কনস্ট্রাকশন লিমিটেড নির্মাণ কাজ করছে।

আপনার মন্তব্য

আলোচিত