১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০৩
ফাইল ছবি
শুক্রবার সকালে বিশ্বের সেরা ওয়ানডে অল রাউন্ডার সাকিব আল হাসানকে কক্সবাজারে নামিয়ে ফিরে আসার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। গন্তব্যে আগেই নেমে যাওয়ায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন সাকিব। কক্সবাজারের উখিয়ায় আজ শুক্রবার সকালের এই দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন আরো চারজন। সাংবাদিকরা সাকিবের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, "আমি ভালো আছি। চিন্তা করবেন না।"
বিজ্ঞাপনের কাজে কক্সবাজারে গেছেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সাকিব। ঈদের ছুটি কাটিয়ে এই তার কাজে ফেরা। জাতীয় ক্যাম্প শুরু হবে দুই দিন পর। ইনানীতে নেমে শুটিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এর মধ্যে খবর আসে তাকে বহনকারী হেলিকপ্টারটি ফেরার পথে বিধ্বস্ত হওয়ার। তাতে নিশ্চয়ই একটু ঝাঁকুনি খেয়েছেন ২৯ বছর বয়সী সাকিব নিজেও। মোবাইল ফোনের অবিরত বেজে চলা তাকে বুঝিয়ে দিয়েছে সারা দেশ এই খবরে কতটা কেঁপে গেছে। সাকিবের খবর পেতে অনেকে শুটিংয়ের লোকদের মোবাইলে ফোন করে খবর নিয়েছেন। প্রাথমিক ধাক্কা সামলে সাকিব মন দিয়েছেন কাজে।
আপনার মন্তব্য