নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ২১:০৩

ট্যাম্পাকো কারখানা বিস্ফোরণে মালিক মকবুলের অবহেলা খুঁজে পেয়েছে পুলিশ

টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণে ৩৪ শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানাটির মালিক সিলেট-৬ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা মকবুল হোসেন লেচু মিয়ার অবহেলার তথ্য খুঁজে পেয়েছে তদন্তকারী পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেছেন,  "শ্রমিকদের নিরাপত্তা ইস্যুতে আমরা কারখানা মালিকের অবহেলা, তাচ্ছিল্য খুঁজে পেয়েছি। "
তিনি বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) নিহত শ্রমিক জুয়েলের বাবা কাদের পাটোয়ারি টঙ্গী থানায়  মালিক মকবুল ও তার স্ত্রী পারভিনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এখনো এসব আসামীদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের দাবি মকবুল হোসেন পলাতক রয়েছেন।

গত শনিবার (১ ০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস নামের একটি প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে পাঁচতলা কারখানা ভবনের কাঠামোও ধসে পড়ে। এ সময় ভবনের সামনের গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী, রিকশা চালক ও দুইযাত্রীসহ ১৪ জন ঘটনাস্থলেই নিহত হন। পরে একে একে বেরিয়ে আসে আরও ২০টি লাশ। এখনো নিখোঁজ রয়েছেন কয়েকজন।

আপনার মন্তব্য

আলোচিত