সিলেটটুডে ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৩১

২৫ বছরে বাংলাদেশের প্রায় ৪ লাখ ২৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে: বিশ্বব্যাংক

গত ২৫ বছরে বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৪ লাখ ২৬ হাজার মানুষ। বিশ্বব্যাংক ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
 
এতে উল্লেখ করা হয়েছে, ১৯৯১ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই ২৫ বছরে সবচেয়ে বেশি মানুষ তাদের ইচ্ছার বিরুদ্ধে দেশত্যাগে বাধ্য হয়েছে সিরিয়াতে। এ সময় ৬৬ লাখ সিরীয় দেশত্যাগ করেছেন। তালিকার ২০তম অবস্থান বাংলাদেশের। ওয়াশিংটন থেকে সম্প্রতি এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
 
উদ্বাস্তুদের আশ্রয়দানকারী দেশের তালিকায়ও বাংলাদেশ রয়েছে। মিয়ানমারের প্রায় ২ লাখ ৩১ হাজার ৯০০ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিয়ানমার থেকে বাংলাদেশে এসে রোহিঙ্গারা অনেক ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে, যেমন গভীর সমুদ্রে মাছ ধরার কাজ।
 
‘ফোসর্ড ডিসপ্লেসমেন্ট: অ্যা ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড ক্রাইসিস’ শিরোনামের গবেষণা প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, উদ্বাস্তু সমস্যা বিশ্ব উন্নয়নে অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জোরপূর্বক ও বলপ্রয়োগ করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এমন তালিকার দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে কলম্বিয়া। এ দেশ থেকে ৬৩ লাখ মানুষ অন্য দেশে স্থানান্তরিত হয়েছে গত ২৫ বছরে। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে ইরাক ৩২ লাখ ও সুদান ৩১ লাখ। মাত্র ১৫টি দেশ ধারণ করছে বিশ্বের বেশিরভাগ উদ্বাস্তু।
 
সারা বিশ্বে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধসহ নানা কারণে নিজ দেশ থেকে অন্য দেশে চলে গেছে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ। তাদের মধ্যে বেশির ভাগই স্থানান্তরিত হয়েছে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, বুরুন্ডি, কঙ্গো, সোমালিয়া, কলম্বিয়া, সুদান ও সাবেক যুগোস্লাভিয়া থেকে। ২০১৫ সাল পর্যন্ত  তুরস্ক, লেবানন, জর্ডান ও সিরিয়ার প্রতিবেশী দেশগুলো ২৭ শতাংশ স্থানান্তরিত মানুষকে আশ্রয় দিয়েছে। এ ছাড়া পাকিস্তান, ইরান ও আফগানিস্তানসহ আশপাশের দেশগুলো আশ্রয় দিয়েছে ১৬ শতাংশ। এ প্রসঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম জানিয়েছেন, ২০৩০ সাল নাগাদ বিশ্ব থেকে দারিদ্র্য বিমোচনের পথে এই জোরপূর্বক দেশছাড়া হওয়ার ঘটনা বড় বাধা হয়েছে দাঁড়িয়েছে। এ ঘটনা কমাতে হবে। একই সঙ্গে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা দরকার।

আপনার মন্তব্য

আলোচিত