সিলেটটুডে ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৪৯

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জঙ্গি তানভীরের কিশোরপুত্র

নিহত জঙ্গি তানভীর কাদেরী

রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদেরীর ১৪ বছর বয়সী ছেলে তাহরীম কাদেরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম আহসান হাবিব এই জবানবন্দি গ্রহণ করেন।

আদালত সূত্রে জানা যায়, তিন দিনের রিমান্ড শেষে তাহরীমকে বৃহস্পতিবার ঢাকার কিশোর আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এরপর কিশোর আদালত তাহরীমের জবানবন্দি গ্রহণের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে জবানবন্দি গ্রহণের জন্য একজন হাকিম দেওয়ার অনুরোধ জানান। অনুরোধের প্রেক্ষিতে মহানগর হাকিম আহসান হাবিব তাহরীমের জবানবন্দি গ্রহণ করেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মো. রাকিব বলেন, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার পর তাহরীমকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর রাজধানীর আজিমপুরের একটি ছয়তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ওই অভিযানে তাহরীমের বাবা জঙ্গি তানভীর কাদেরী নিহত হন আর মা আবেদাতুল ফাতেমা আহতাবস্থায় গ্রেপ্তার হন।

তাহরীম ছাড়াও ওই বাসা থেকে আরও দুজন নারীকে আটক ও দুই শিশুকে উদ্ধার করা হয়। দুই শিশুকে তাদের নিকটাত্মীয়ের হেফাজতে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত