সিলেটটুডে ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১০:১৪

শাহজালাল বিমানবন্দরে ময়লার ঝুড়িতে ৩ কেজি স্বর্ণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুড়িতে ১০ টি বারে ৩ কেজি স্বর্ণ আটক করেছে।

ইমিগ্রেশন সংলগ্ন টয়লেটের ভেতরে রাখা ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ফুটেজ দেখে যাত্রী ও বিমানবন্দরের সম্ভাব্য সহযোগী শনাক্তের কাজ চলছে। 

শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫ টা থেকে বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। বিভিন্ন পয়েন্টে তল্লাশি করার এক পর্যায়ে ৬ টায় ইমিগ্রেশনের টয়লেটের ময়লার ঝুড়িতে এই স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, ভোরের দিকে শুল্ক গোয়েন্দার সক্রিয় উপস্থিতি টের পেয়ে উক্ত যাত্রী সোনার বারগুলো ইমিগ্রেশনের টয়লেটের ঝুড়িতে ফেলে সরে পড়ে। 

আটক স্বর্ণ ময়লার ঝুড়িতে টিস্যু দিয়ে মুড়িয়ে ঢেকে রাখা হয়েছিল। এর ভেতর ৫ টি প্যাকেটে ১০ টি বার কালো স্কচ টেপে রাখা ছিল।

সংশ্লিষ্টদের উপস্থিতিতে এগুলো খুলে ৫০০ গ্রাম ওজনের ৫ টি এবং ১০০ গ্রাম ওজনের ৫টিসহ মোট ১০ টি বার পাওয়া যায়। এর মধ্যে ১ কেজি ওজনের ২ টা বারকে ৪ টুকরা করা অবস্থায় ছিল। পরে ওজন করে দেখা যায় এই ১০ টি বার ৩ কেজি।

আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ দশমিক ৫ কোটি টাকা।

এখন ভিডিও ফুটেজ দেখে যাত্রী ও সম্ভাব্য সহযোগী হিসেবে বিমানবন্দরে সার্ভিস স্টাফকে শনাক্তের চেষ্টা চলছে। আটক স্বর্ণ শুল্ক আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ ব্যংকে জমা দেয়া হবে।

 

আপনার মন্তব্য

আলোচিত