২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:১৯
বাংলাদেশের আইপি থেকে কমিউনিটি ব্লগিং প্লাটফর্ম ইস্টিশন ব্লগে প্রবেশ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ব্লগটির প্রতিষ্ঠাতা নুর নবী দুলাল।
তিনি অভিযোগ করে বলেন, ‘রোববার রাত থেকে ব্লগে প্রবেশ করা যাচ্ছে না বলে আমাকে অনেকেই ফেসবুকের ইনবক্সে জানায়। আমাদের হোস্টিংকে বিষয়টি জানানোর পর তাদের মাধ্যমে জানতে পারি ইস্টিশন বাংলাদেশ থেকে ব্লক করে দেওয়া হয়েছে।’
প্রতিষ্ঠার মাত্র তিন বছরে জনপ্রিয় হয়ে ওঠা এ ব্লগটি বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়ার বিষয়টি নিয়ে বিটিআরসির পক্ষ থেকে ব্লগ কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করা হয় নি।
সামাজিক পরিবর্তন ও নাগরিক সাংবাদিকতায় ভূমিকা রাখা এ ব্লগটির প্রতিষ্ঠাতা দুলাল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি গণজাগরণের দিন থেকেই ইস্টিশন ব্লগ ইন্টারনেটে বিচরণ করছে। এই ব্লগে ৬০৯৬ নিকধারী বিজ্ঞান, যুক্তিবাদ, রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, ইতিহাস প্রভৃতি বিষয় নিয়ে লেখালেখি করেন। "
সোমবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায় ব্লগটিতে প্রবেশের চেষ্টা করেও সম্ভব হয়নি। এদিকে কোন ওয়েবসাইট বন্ধ করার সংবাদ বিজ্ঞপ্তি বিটিআরসির কাছে থেকে পাওয়া যায়নি। এ ব্যাপারে বিটিআরসির কোন বক্তব্য নেয়াও সম্ভব হয়নি।
দুলাল বলেন, ‘অবিলম্বে ব্লগটির প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। কণ্ঠরোধ করে মুক্তচিন্তার চর্চা কখনো বন্ধ করা যায়নি, যাবেও না।’
এদিকে, জনপ্রিয় এ ব্লগটির এক্সেস বাংলাদেশে সীমাবদ্ধ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া দেখিয়েছেন বেশ কয়েকজন ব্লগার, লেখক।
কবি ও গবেষক আশরাফ মাহমুদ ফেসবুকে ইস্টিশন ব্লগ বন্ধের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে লিখেছেন, ইস্টিশন ব্লগ ব্লক করার প্রতিবাদ জানাই। বিরুদ্ধ মত হলে অথবা নিজস্ব মতের সাথে না মিললেই যেকোনো মাধ্যম বা ব্যক্তিকে অবরুদ্ধ করার এই মধ্যযুগীয় বুদ্ধিভিত্তিক জঙ্গিবাদ সরকার কবে প্রতিহার করবে?
ব্লগার রাজেশ পাল লিখেছেন, সরকারি নির্দেশের বিরোধিতা করা সম্ভব নয়, শুধু আকুল আবেদন জানাব সংশ্লিষ্ট মহলের প্রতি, অবিলম্বে যেন খুলে দেওয়া হয় ইস্টিশনের প্রবেশদ্বার। আবার যেন জমে ওঠে মিলনমেলা।’
ব্লগার রায়হান আবীর লিখেছেন, "দ্বার বন্ধ করে দিয়ে ইস্টিশনকে রুখি। সত্য বলে, আমি তবে গুগল দিয়ে ঢুকি?"
ব্লগার ইয়ামেন মোহাম্মদ হক লিখেছেন, "বাংলাদেশ থেকে ইস্টিশন ব্লগে প্রবেশাধিকার বিআরটিসি কর্তৃক বন্ধ করে দেয়ার তীব্র নিন্দা জানালাম। ইস্টিশনের অনেক লেখাই আমার পছন্দ হতো না, অনেক লেখার সাথেই তীব্র দ্বিমত পোষণ করতাম। কিন্তু একই সাথে অনেক ভালো লেখাও যে সেখান থেকে পাইনি, তা না। এবং অনেক প্রো-৭১ অসাম্প্রদায়িক চেতনার মানুষেরও পরিচয় হয়েছে এই ইস্টিশন ব্লগের লেখকদের মাঝ থেকেই।"
আপনার মন্তব্য