২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০১:২১
আজ (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন। এই জন্মদিনে শেখ হাসিনাকে নিয়ে কবিতা লিখেছিলেন সৈয়দ শামসুল হক। শেখ হাসিনার জন্মদিন আয়োজনের একটি অনুষ্ঠানেরও আহ্বায়ক ছিলেন হক। অথচ প্রধানমন্ত্রীর জন্মদিনের ঠিক একদিন আগে মঙ্গলবার চলে যেতে হলো এই কবিকে।
জানা যায়, শেখ হাসিনার আজকের জন্মদিন উদযাপন উপলক্ষে দেশের কবি লেখক সংস্কৃতিকর্মীজনদের পক্ষ থেকে আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছিল আগেভাগেই। সেই জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
এ আয়োজন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদন করে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা কবিতার নাম ‘আহা, আজ কী আনন্দ অপার!’
এ কবিতায় সব্যসাচী লেখকের মনের আনন্দ প্রকাশ করেছেন এভাবে- ‘আহা, আজ কী আনন্দ অপার/ শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার’।
বুধবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ওই ‘আনন্দ অনুষ্ঠান’টি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এই অসামান্য কবির মৃত্যুতে নিজের জন্মদিনের সব অনুষ্ঠান প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় বাতিল করায় ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটিও স্থগিত হতে পারে।
শেখ হাসিনার উদ্দেশে কবির লেখা কবিতাটি হুবহু তুলে ধরা হলো:
আহা, আজ কী আনন্দ অপার!
-সৈয়দ শামসুল হক
আহা, আজ কী আনন্দ অপার
শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার
জয় জয় জয় জয় বাংলার
জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্নবাহু তাঁর
শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার
পঁচাত্তরের কলঙ্কিত সেই রাত্রির পর
নৌকা ডোবে নদীর জলে
সবাই বলে নৌকা তুলে ধর
কেইবা তোলে কে আসে আর
স্বপ্নবাহু তাঁর
বঙ্গবন্ধু কন্যার
শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার
শেখ হাসিনা সব নদীতে
দুর্জয় গতিতে
টেনে তোলেন নৌকা আনেন উন্নয়ন জোয়ার
শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার
জাতির পিতার রক্তে দেশ
এখনও যায় ভেসে
সেই রক্তের পরশ মেখে দেশ উঠেছে জেগে
এ দেশ তোমার আমার
জয় জয় জয় জয় বাংলার
জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্নবাহু তাঁর
শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার
আহা, আজ কী আনন্দ অপার!
আপনার মন্তব্য