২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৪৯
বিশিষ্ট কবি ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক তার জন্মস্থান নিজ শহর কুড়িগ্রামে শায়িত হলেন অন্তিম শায়নে।
শেষ ইচ্ছা ও প্রত্যাশা অনুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের প্রধান ফটকের পাশে তাকে সমাহিত করা হয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে দাফন করা হয়। ৪টা ২২ মিনিটে কুড়িগ্রাম সরকারি কলেজের জনাকীর্ণ মাঠে জানাজা নামাজ শেষে কফিন থেকে মরদেহ কবরে নামান কবির ছেলে দ্বিতীয় সৈয়দ হক ও কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল।
জানাজার আগে কবির ছেলে দ্বিতীয় সৈয়দ হক তার বক্তব্যে বলেন, ‘জলেশ্বরী আজ তোমার ছেলেকে ফিরিয়ে এনেছি তোমার কাছে। হৃদয়ের কাছে। ভালবাসার কাছে। প্রিয় জন্মভুমির কাছে। আমি গর্বিত। গর্বে বুক ভরে যায় একসাথে এত মানুষের ভালবাসা দেখে।’
এ সময় তিনি প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীকে ধন্যবাদ জানান তার বাবার শেষ ইচ্ছা পূরণে সহায়তা করবার জন্য। সেই সঙ্গে কুড়িগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার বাবা খুব খুশি হয়েছেন এ মাটিতে শায়িত হতে পেরে।
এর আগে বিকেল ৪টায় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, কবির স্ত্রী আনোয়ারা সৈয়দ হক, একমাত্র ছেলে দ্বিতীয় সৈয়দ হকসহ নিকট আত্মীয়রা বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে মরদেহ নিয়ে কলেজ মাঠে অবতরণ করেন।
আপনার মন্তব্য