সিলেটটুডে ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫০

নব্য-জেএমবি সদস্য সালাহ উদ্দিন গ্রেপ্তার, ৬ দিনের রিমান্ডে

জঙ্গি সংগঠন নব্য জেএমবির নেতা তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী সালাহ উদ্দিন কামরানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। পরে তাকে ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড থেকে ৩০ বছর বয়সী সালাহ উদ্দিন কামরানকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ প্রকাশ করে মহানগর পুলিশের নিউজ পোর্টাল ডিএমপি নিউজ।

এতে বলা হয়, সালাহ উদ্দিন নারায়নগঞ্জে পুলিশের অভিযানে নিহত জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরী ও কল্যাণপুরের তাজ মঞ্জিলে (জাহাজ বাড়ি) পুলিশের অভিযানে নিহত জঙ্গি আবু হাকিম নাঈমের ঘনিষ্ঠ ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাহ উদ্দিন নব‌্য জেএমবির পক্ষে প্রচার চালিয়ে আসার পাশাপাশি নাশকতার পরিকল্পনায় থাকার কথা স্বীকার করেছেন বলে ডিএমপি নিউজের খবরে বলা হয়।

বৃহস্পতিবার দুপুরে নব্য-জেএমবি সদস্য কামরানকে কল্যাণপুরে জঙ্গি মামলায় গ্রেফতার দেখিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক জাহাঙ্গীর আলম ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছে ডিএমপি নিউজ।

আপনার মন্তব্য

আলোচিত