সিলেটটুডে ডেস্ক

১২ অক্টোবর, ২০১৬ ০১:১৩

বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা বলে ঢাকায় যায় গাজীপুরে নিহত জঙ্গি বাবলু

গাজীপুরে নিহত ৭ জঙ্গির একজনের বাড়ি ছাতকে

গাজীপুরে নিহত সাত জঙ্গির মধ্যে সাইফুর রহমান বাবলু নামের একজনের বাড়ি সুনামগঞ্জরে ছাতক উপজেলার মুনিরজ্ঞাতি গ্রামে। কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে নির্মম নির্যাতনকারি বদরুলের বাড়িও মুনিরজ্ঞাতিতে। সাইফুর রহমান বাবলু সে গ্রামের গরু ব্যবসায়ী মতিউর রহমান ওরফে ময়না শাহর তিন সন্তানের মধ্যে একমাত্র ছেলে।

তার পিতা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির কথা বলে দুই মাস আগে সাইফুর ঢাকায় যায়। এর পর থেকে বাড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তার। মঙ্গলবার সকালে ছবি দেখে পুলিশকে ছেলের পরিচয় সম্পর্কে নিশ্চিত করেছেন তিনি।

ময়না মিয়া আরও জানান, সাইফুর ২০১৪ সালে সিলেটের রায়নগর সার্ক ইন্টারন্যাশনাল কলেজ থেকে এইচএসসি পাশ করে। ওই বছর অনার্সে ভর্তির সুযোগ না পেয়ে কোন কলেজে ভর্তি না হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেয় সে। স্থানীয় পীরপুর হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করে সে।

জঙ্গিরা দেশ ও দশের শত্রু  উল্লেখ করে তিনি বলেন, সন্তান হলেও ছেলের এমন পরিণতির জন্য আক্ষেপ নাই। লাশ আনতে যাবেন কী না সেই সিদ্ধান্ত এখনও নেননি।

দক্ষিণ খুরমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ইলিয়াস আলী জানান, বাবলু বাড়ি আমার ওয়ার্ডে। সে বাইরে লেখাপড়া করতো। মাঝেমধ্যে বাড়িতে আসলে দেখা হতো। তার সম্পর্কে এর বেশি জানা নেই।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক সুজা মামুন জানান, বাবলুর পরিচয় নিশ্চিত করতে তার গ্রামের পুলিশ পাঠানো হয়েছিল। ছবি দেখে তার পিতা ছেলের পরিচয় মুটামুটি নিশ্চিত করেছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত শনিবার গাজীপুর সিটির পাতারটেকে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে সাত জন নিহত হয়। গতকাল বিকেলে নিহত সাত জনের মধ্যে তিন জনের পরিচয় প্রকাশ করে গাজীপুর পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত