সিলেটটুডে ডেস্ক

১২ অক্টোবর, ২০১৬ ১২:২৪

রাজধানীতে ৩ ভুয়া র‌্যাব সদস্য আটক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য পরিচয়ে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে রাজধানীর শাহজাহানপুর থানা পুলিশ। 

আটক যুবকরা হলেন, রাসেল (২৭), সেলিম (২৮) এবং পিচ্চি কামাল (২৫)। তিনজনের বাড়িই বরিশাল জেলায়।

মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর উপকণ্ঠের সাভার, কদমতলী এবং যাত্রাবাড়ী থেকে তাদেরকে আটক করা হয়।

এ বাপারে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা জানান, গত বৃহস্পতিবার শাহজাহানপুর থানা এলাকার শান্তিবাগ সেকশনের গলিতে ছিনতাই ও বড় ধরনের প্রতারণার প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালিয়ে যায়। এসময় সঙ্গে থাকা মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ ১৩-৩৯-৬০) ফেলে যায় তারা। পরে তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে একটি বিদেশি পিস্তল ও ২০ রাউন্ড গুলি, দুটি হাতকড়া, চারটি মোবাইল ফোন এবং র‌্যাব সদস্যদের ব্যবহৃত তিনটি জ্যাকেট ও চার সেট পোশাক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে তাদেরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাই ও ধনাঢ্য ব্যক্তিদের উঠিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার পর ছেড়ে দেওয়ার কথা স্বীকার করছে।

আটক তিন যুবককে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান শাহজাহানপুর থানার ওসি।

সফিকুল ইসলাম মোল্লা আরও জানান, তাদের বিভিন্ন অপকর্মের কারণে পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়। এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত