সিলেটটুডে ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৬ ১৪:২০

রাতে কার্যকর হবে জঙ্গি আসাদুলের ফাঁসি, প্রস্তুত ফাঁসির মঞ্চ ও জল্লাদ

ঝালকাঠিতে বোমা হামলা চালিয়ে ২ বিচারক হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফের ফাঁসি রোববার (১৬ অক্টোবর) কার্যকর করা হবে।

কারাগার সূত্রে জানা গেছে, ফাঁসির রায় কার্যকর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কারাগার কর্তৃপক্ষ। খুলনা জেলা কারাগার ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। প্রস্তুত রয়েছে ফাঁসির মঞ্চ ও জল্লাদ। রোববার রাত সাড়ে ১০টায় ফাঁসির রায় কার্যকর করার কথা রয়েছে।

খুলনা জেলা কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে জানান, সর্বোচ্চ আদালতের রায়ের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে খুলনা কারাগারে ফাঁসি কার্যকর করা হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা আরিফের। খুলনা কারাগারে ফাঁসি হবে, তারপরও যশোর ও বরিশাল জেলা কারাগারের ফাঁসির মঞ্চও তৈরি করে রাখা হয়েছে।

জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফ ২০০৮ সাল থেকে খুলনা জেলা কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠির সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাঁদের হত্যা করা হয়। ২০০৬ সালের ২৯ মে এ হত্যা মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ ৭ জনের ফাঁসির আদেশ দেন। এর মধ্যে ছয়জনের ফাঁসি ইতোমধ্যে কার্যকর হয়েছে।

যাদের ফাঁসি কার্যকর হয়েছে তারা হলেন- জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, শায়খ আব্দুর রহমানের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ ওরফে ফারুক। ২০০৭ সালের ২৯ মার্চ শীর্ষ এ ছয় জেএমবির মৃত্যুদণ্ড কার্যকর হয়।

আপনার মন্তব্য

আলোচিত