১৮ অক্টোবর, ২০১৬ ০০:১৮
সারাদেশে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঘোষিত সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলবারের (১৮ অক্টোবর) মানববন্ধন কর্মসূচি ও ২০ অক্টোবরের আলেচনা সভা স্থগিত করা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রহী রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে এসব কর্মসূচী স্থগিত করা হয় বলে জানানো হয়।
এরআগে গত ৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১৮ অক্টোবর সকাল সাড়ে ১১টা থেকে পনেরো মিনিটের প্রতীকি মানববন্ধন কর্মসূচি এবং ২০ অক্টোবরের আলোচনা সভা কর্মসূচী ঘোষণা করেছিলেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ছাত্রীদের ওপর হামলার প্রেক্ষিতে তাদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সামাজিক প্রতিরোধের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছিল।
ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাসহ সরকারের নানামূখী পদক্ষেপের অংশ হিসেবে এ দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
১০ অক্টোবর উপ-সচিব এনামুল হক স্বাক্ষরিত এক চিঠিতে দুটি কর্মসূচিবাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সবাইকে বলা হয়।
সিলেটের খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাসহ সারাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, শিক্ষামন্ত্রী ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অবস্থান করবেন। তিনি সোমবার সকালে ঢাকা ত্যাগ করেছেন।
আপনার মন্তব্য