সিলেটটুডে ডেস্ক

১৮ অক্টোবর, ২০১৬ ১৯:১৮

শেখ রাসেলের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধানমন্ত্রী

ছবিঃ ফোকাস বাংলা

১৯৭৫ এর ১৫ আগস্টে ঘাতকদের গুলিতে নিহত ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।

টিস্যুপেপার দিয়ে চোখের পানি মুছতে মুছতে কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন, "রাসেল তো আসলে আমার কোলেই মানুষ। ছোট্ট শিশু ভাইটি। মাঝে মাঝে আমি লিখি। সেই স্মৃতিগুলো লিখে রাখার চেষ্টা করেছি। কারণ ও তো আমাদের একটা খেলার পুতুলের মতো ছিল। আমরা সব ভাইবোন ব্যস্ত ছিলাম রাসেলকে নিয়ে।"

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের কোনো শিশুই গৃহহারা থাকবে না এবং শিক্ষার আলো থেকেও বঞ্চিত হবে না। প্রতিটি শিশু স্কুলে যাবে, পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। নিজেদের ভেতরের মেধা বিকাশের সুযোগ হবে, সেই ধরনের একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলাটাই আমার লক্ষ্য।"

তিনি বলেন, "দেশের জন্য, জাতির জন্য সবসময় যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। জঙ্গিবাদ, মাদকাসক্তি এসব পথ পরিহার করে নিজেকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বাঙালি জাতি আজকে যে সম্মান পেয়েছে, সে সম্মানটা ধরে রাখতে হবে।"

আপনার মন্তব্য

আলোচিত