১৯ অক্টোবর, ২০১৬ ০১:৪৫
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ এলাকা সুন্দরবন ও সুন্দরবনের জীববৈচিত্র্যের প্রতি ‘হুমকিস্বরূপ’ উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্রের স্থান পরিবর্তনের আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার এবং আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনসারভ্যাশন অফ ন্যাচার)। বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বন ১৯৯৭ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে এই এলাকার সুরক্ষার বিষয়টি মূল্যায়নে একটি পর্যবেক্ষণ চালায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার এবং আইইউসিএন । চলতি সপ্তাহে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে বিদ্যুৎ কেন্দ্রটি সরিয়ে নিতে বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, ১৩২০ মেগাওয়াট সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টটি বিশ্ব ঐতিহ্য এলাকা থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত, যা বনটির জন্য একটি চরম ঝুঁকিস্বরূপ। এর জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিল করে কোন উপযোগী স্থানে তা স্থানান্তরের আহ্বান জানানো হয়।
আগামী ১ ডিসেম্বরের মধ্যে ইউনেস্কোর কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে, যা World Heritage Committee এর আগামী সেশনে আলোচিত হবে।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের শুরু থেকেই এর বিরুদ্ধে জনমত গড়ে উঠে। সরকারের পক্ষ থেকে সুন্দরবনের কোনরূপ ক্ষতি হবে না বলে বারবার আশ্বাস দেয়া হলেও এর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত আছে।
আপনার মন্তব্য