সিলেটটুডে ডেস্ক

২১ অক্টোবর, ২০১৬ ১৫:২৪

আশুলিয়ায় নিহত রহমানকে নব্য জেএমবির আমির দাবি র‍্যাবের

ঢাকার আশুলিয়ায় র‍্যাবের অভিযানের সময় ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নিহত হওয়া আব্দুর রহমানই ছিলেন নব্য জেএমবির আমির। এমন দাবি করেছে র‍্যাব। যদিও  নারায়ণগঞ্জে  পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে নিহত তামিম আহমেদ চৌধুরী নব্য জেএমবির প্রধান সমন্বয়ক হিসেবে পরিচিত হয়ে আসছেন।

শুক্রবার (২১ অক্টোবর) সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন , ওই আবদুর রহমানই শায়খ আবু ইব্রাহীম আল হানিফ নামে নব‌্য জেএমবি গঠন করে আমিরের দায়িত্ব নেন।

এর প্রমাণ হিসেবে নব‌্য জেএমবি কর্মকাণ্ড শুরুর একটি ঘোষণার অনুলিপি সংবাদ সম্মেলনে দেখানো হয়।

বেনজীর বলেন, ওই ঘোষণায় আবু ইব্রাহীম আল হানিফের সঙ্গে শেখ আবু দুজুনা নামে আরেকজনের সই আছে। সেই আবু দুজুনা হলেন নারায়ণগঞ্জের অভিযানে নিহত তামিম চৌধুরী, যাকে এতোদিন নব‌্য জেএমবির প্রধান সমন্বয়ক বলা হচ্ছিল।


বৃহস্পতিবার রাতে ঢাকার মহাখালী ও মতিঝিল থেকে নাফিজ আহমেদ নয়ন ও হাসিবুল হাসান নামে দুইজনকে আটকের পর শুক্রবার সকালে এই সংবাদ সম্মেলনে আসেন র‌্যাব প্রধান বেনজীর।

সংবাদ সম্মেলনে বেনজীর বলেন, আশুলিয়ার ওই আস্তানায় ভুয়া ন্যাশনাল আইডি, পাসপোর্ট ও চাকরির আইডি কার্ডসহ বিভিন্ন কাগজপত্র পান তারা। সব মিলিয়ে জানা যায়, ওই ব‌্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ব‌্যবহার করে আসছিলেন।

>> প্রকৃত নাম: সারোয়ার জাহান

>> বাড়ি চাঁপাইনবাগঞ্জের ভোলারহাটে।

>> অন‌্য নাম: মোক্তার, নাজমুল ইসলাম, আব্দুর রহমান, শায়খ আসিম আজওয়াদ, শায়ক আবু ইব্রাহিম আল হানিফ

>> লেখাপড়া: ১৯৯৮ সালে নাচোলের একটি কওমি মাদ্রাসায় ভর্তি হন; সেখান থেকেই দাওরা পাস করে।

>> পরিবার: বিয়ে করেছে দুটি। প্রথম পক্ষে এক মেয়ে এক ছেলে; পরের পক্ষে এক ছেলে রয়েছে। বর্তমান স্ত্রী সন্তান সম্ভবা।

আপনার মন্তব্য

আলোচিত