২১ অক্টোবর, ২০১৬ ২৩:৩৯
রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুতকেন্দ্র নির্মাণ নিয়ে ভোট হলে দেশের ৯৯ ভাগ মানুষ এর বিরুদ্ধে ভোট দেবে বলে মন্তব্য করেছেন তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
এ ভোটদাতাদের মধ্যে আওয়ামী লীগের লোকজনও থাকবে বলে মন্তব্য তাঁর।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে ময়মনসিংহের মালগুদাম রোড সিপিবি কার্যালয়ের সামনে তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ময়মনসিংহ জেলা আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় মূল বক্তব্য উপস্থাপনকালে আনু মুহাম্মদ এসব মন্তব্য করেন।
তিনি বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ নিয়ে ভোট হলে দেশের শতকরা ৯৯ ভাগ মানুষ এর বিরুদ্ধে ভোট দেবেন। এর মধ্যে আওয়ামী লীগের লোকও থাকবে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন বাংলাদেশের গর্ব ও প্রকৃতি-বান্ধব সুন্দরবনের সন্নিকটে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ হলে ওই অঞ্চলের বায়ু, পানি ও পরিবেশ নষ্ট হবে। এর ফলে আওয়ামী লীগের সদস্যরাও রেহাই পাবেন না।
মোকছেদুর রহমান জুয়েলের সভাপতিত্বে বিভাগীয় প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য আবুল হাসান রুবেল, আসাদুজ্জামান মাসুম, ডা. শামসুল আলম, কাজী সালাহ উদ্দিন, শেখ বাহার মজুমদার, তপন সাহা, অধ্যাপিকা লিলা রায় প্রমুখ।
অধ্যাপক আনু মুহাম্মদ আরও বলেন, বছরে অসংখ্য প্রাণ-বৈচিত্র্যের সৃষ্টি হয় সুন্দরবনে। সুন্দরবন হচ্ছে বেঁচে থাকা আর বিদ্যুৎ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন। মানুষই যদি না বাঁচে, বিদ্যুৎ দিয়ে কী হবে।
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলা নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার প্রতিনিধিরা অংশ নেন।
আপনার মন্তব্য