সিলেটটুডে ডেস্ক

২২ অক্টোবর, ২০১৬ ২১:০৮

খালেদার সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার জেন শিয়াসং। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে চীনের এই ভাইস মিনিস্টার বক্তব্য রাখার পর বিকেলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন।

শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেন শিয়াসংয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক পৌনে এক ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াবলী ছাড়া চীনা কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা হয় বলে নেতারা জানান।

এ সময় সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফর এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। পারস্পরিক সহযোগিতার এ ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আলোচনায় আশা প্রকাশ করেন নেতারা।

জেন শিয়াসংয়ের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন সিপিসির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক ইউয়ান জেহেবিন, উপ-পরিচালক জিয়া পেং, কাও ঝিগাং প্রমুখ ছিলেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

গত ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের পর চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের এই সাক্ষাৎ হল।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ।

আপনার মন্তব্য

আলোচিত