সিলেটটুডে ডেস্ক

২২ অক্টোবর, ২০১৬ ২১:৩০

আওয়ামী লীগের সম্মেলনস্থল থেকে সাবেক শিবির নেতা আটক

আওয়ামী লীগের সম্মেলনস্থল থেকে ঢাকা মহানগর দক্ষিণ শিবিরের সাবেক সভাপতি মো. মামুনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (২২ অক্টোবর) সকালে রমনা কালীমন্দির গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে রমনা কালীমন্দির গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকেন মামুন। তখন সেখানে অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা মামুনকে চিনে ফেলেন। সঙ্গে সঙ্গে তাকে ধরে সেখানে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, আটকের সময় মামুনের গলায় একটি পরিচয়পত্র থাকলেও তৎক্ষণাৎ তিনি সেটি নষ্ট করে ফেলেন।

আটকের পর মামুনকে শনাক্তকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ওমর ফারুক জানান, মামুন ২০০৪-০৫ সালের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন। ওই সময় ছাত্রদলের ছত্রছায়ায় মামুনের নেতৃত্বে শিবির ক্যাম্পাসে মিছিল করতে গেলে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়। পরে মামুন মহানগর দক্ষিণের সভাপতিও হন।

পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলী নোমান জানান, শিবিরের সাবেক ওই নেতা কেন আওয়ামী লীগের সম্মেলনে এসেছিল, কার মাধ্যমে এসেছিল- তা জানার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

আলোচিত