সিলেটটুডে ডেস্ক

২৫ অক্টোবর, ২০১৬ ১৩:০৭

তাভেলা সিজার হত্যায় বিচার শুরুর আদেশ

ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান মোল্লা উপস্থিত পাঁচ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন।

আদালত আগামী ২৪ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

অভিযোগ গঠনের আগে কারাগার থেকে পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় পাঁচ আসামি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা করেন।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাভেলা সিজার।  

এরপর গত ২২ জুন এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী।
মামলার অন্য আসামিরা হলেন- কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন। এদের মধ্যে সোহেল ছাড়া অন্য সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

আপনার মন্তব্য

আলোচিত