২৬ অক্টোবর, ২০১৬ ১৬:২৩
ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আসামীদের মধ্যে আব্দুল্লাহ ও আবু তাহের জুনায়েদ পলাতক, কারাগারে আছে বাকি তিনজন।
বুধবার (২৬ অক্টোবর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম জিয়াউর রহমানের আদালতে সাক্ষ্য দেন জৈনেক মনিরুল ইসলাম, তপন কুমার শীল ও আবু ইউসুফ। এ সময় আসামী পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেন আদালত।
বাবু হত্যার ঘটনায় আটক জিকরুল্লাহ ও আরিফুলসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে তেজগাঁও থানায় হত্যা মামলা করেন বাবুর ভগ্নিপতি মনির হোসেন। পরে আটকদের এ মামলায় গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর ডিবি পুলিশ আনসারুল্লাহ বাংলাটিমের ৫ সদস্য জিকরুল্লাহ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, হাসিব আব্দুল্লাহ (পলাতক) ও আবু তাহের জুনায়েদের (পলাতক) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
উল্লেখ, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে অফিসে যাওয়ার পথে খুন হন ব্লগার ওয়াশিকুর রহমান বাবু।
হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদ্রাসা ছাত্রকে আটক করে। এসময় আবু তাহের আরেক জন পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়ার পর জিকরুল্লাহ ও আরিফুল হত্যার কথা স্বীকার করে বলেছিল, ধর্ম নিয়ে লেখালেখি করায় বাবুকে হত্যা করা হয়।
আপনার মন্তব্য