সিলেটটুডে ডেস্ক

২৭ অক্টোবর, ২০১৬ ১০:২৫

অবস্থার আরো উন্নতি, খাদিজাকে কেবিনে স্থানান্তর

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নর্গিসকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কেবিনে দেওয়ার কথা থাকলেও বুধবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

কেবিনে স্থানান্তরের বিষয়টি জানিয়ে খাদিজার বাবা মাসুক মিয়া বলেন, খাদিজার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। চিকিৎসকরা জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে তার (খাদিজা) অবস্থা আরো ভালো হবে।

খাদিজার শারীরিক অবস্থা সম্পর্কে স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের পরিচালক মির্জা নাজিম উদ্দিন বলেন, প্রতিদিনই একটু একটু করে খাদিজার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে সম্পূর্ণ ‘মেডিকেল পুর্নবাসনে’ রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বিকেলে পরীক্ষা দিয়ে বের হয়ে এমসি কলেজ ক্যাম্পাসে হামলার শিকার হন খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম প্রকাশ্যে খাদিজাকে কুপিয়ে গুরুতর জখম করেন। এরপর থেকেই স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খাদিজা।

আপনার মন্তব্য

আলোচিত