সিলেটটুডে ডেস্ক

৩১ অক্টোবর, ২০১৬ ১২:৫৫

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা : ইউএনও ও ওসির অপসারণ দাবি করেছে আ’লীগ

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা ঠেকাতে ও নিরাপত্তা প্রদানে ব্যর্থতার অভিযোগ এনে নাসিরনগরের ইউএনও ও ওসির অপসারণ দাবি করেছে জেলা আওয়ামী লীগ।

রোববার (৩০ অক্টোবর) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতগুলো মন্দিরে হামলা হলো, অথচ প্রশাসন কিছু করতে পারল না। সঠিক সময়ে ব্যবস্থা নিলে এ হামলা ঠেকানো যেত।

এ সাম্প্রদায়িক ঘটনা ঠেকাতে ব্যর্থতার জন্য নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহম্মেদ ও থানার ওসি আব্দুল কাদেরকে অবিলম্বে অপসারণ করার দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অন্তত পাঁচটি মন্দির ভাঙা হয়। ভাংচুর-লুটপাট করা হয় হিন্দুদের শতাধিক বাড়িতে।

শুক্রবার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাসের ফেসবুক টাইমলাইনের একটি পোস্ট নিয়ে ঘটনার সূত্রপাত বলে স্থানীয়রা জানান। ফেসবুকে রসরাজ ‘ইসলাম অবমাননা করে’ পোস্ট দিয়েছে বলে অভিযোগ ওঠার পর পুলিশ তাকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত