নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০১৬ ০০:৪৭

ফেসবুকে হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করে স্কুল শিক্ষক আটক

ফেসবুকে হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে পাবনার মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।

মো. জাহুরুল ইসলাম বুলবুল নামের ওই স্কুল শিক্ষককে বুধবার রাতে আটক করে চাটমোহর থানা পুলিশ।

বুলবুল পাবনার চাটমোহর থানার নিমাইছড়া ইউনিয়নের ১৬ মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুলবুলের ফেসবুক থেকে হিন্দু ধর্ম ও হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে গালাগালি করে একটি পোস্ট দেওয়া হয়। এ জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

তার একাউন্ট হ্যাক করে ফেসবুকে ওই পোস্ট দেওয়া হয়েছে বলে পুলিশের কাছে বুলবুল দাবি করেছেন, এমনটি জানান ওসি।

ওসি জানান, জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততা পাওয়া গেলে আমরা ওই শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

আপনার মন্তব্য

আলোচিত