০৩ নভেম্বর, ২০১৬ ১১:২৪
ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় তিন নেতার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ এবং পানছড়িতে হরতাল পালিত হচ্ছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৬টা থেকে এ হরতাল ও সড়ক অবরোধ শুরু হয়।
পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি বিনয়ন চাকমা, সাধারণ সম্পাদক বিপুল চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমার মুক্তির দাবিতে এ কর্মসূচি পালিত হচ্ছে।
সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহরে কিছু হালকা যান চলাচল চলতে দেখা গেছে।
এদিকে বৃহস্পতিবার খাগড়াছড়িতে সাপ্তাহিক হাটবার হলেও অবরোধের কারণে কৃষকরা উৎপাদিত কৃষি পণ্য আনতে পারেনি।
অন্যদিকে পানছড়িতে বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাঠ। চলছেনা কোন ধরনের যানবাহন। শহরতলীর বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা পিকেটিং করার খবর পাওয়া গেছে।
সড়ক অবরোধ ও হরতালকে কেন্দ্র করে জেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েনের পাশাপাশি জোরদার করা হয়েছে পুলিশি টহল। তবে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আপনার মন্তব্য